টেস্ট র্যাংকিং
স্পোর্টস রিপোর্টার
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পথচলা ২০ বছরের। ২০০০ সালে অভিষেক হওয়ার পর ১১৯ টেস্ট খেলে বাংলাদেশের ঝুলিতে ১৪ জয়, ৮৯ হার, ১৬ ড্র। বিশ্ব ক্রিকেটে নবীন আফগানিস্তান টেস্ট স্ট্যাটাসই পেয়েছে ২০১৭ সালে। পরের বছরই সাদা পোশাকের ক্রিকেটে নাম লিখিয়ে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে তারা। মাত্র তিন বছরেই এই ফরম্যাটে আইসিসির র্যাংকিংয়ে বাংলাদেশকে পেছনে ফেলেছে আফগানরা।
গতকাল প্রকাশিত র্যাংকিংয়ে আফগানিস্তান ৯, বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে। যেখানে আফগানদের রেটিং পয়েন্ট ৫৭, বাংলাদেশের ৫৫। পাকিস্তানকে সিরিজ হারিয়ে প্রথমবার টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে উঠেছে নিউজিল্যান্ড।
নিজেদের চার টেস্টের দুটি জয় ও দুটি হার রয়েছে আফগানদের। ভারত, ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও আয়ারল্যান্ড, বাংলাদেশকে হারিয়েছে তারা। ২০১৯ সালে চট্টগ্রামে সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশকে ২২৪ রানে হারায় রশিদ খানের দল। সেই হারের ক্ষত এখনো পোড়াচ্ছে লাল-সবুজের দলকে। কারণ তারপর ভারত, পাকিস্তানের কাছে টানা তিন টেস্ট ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। জিম্বাবুয়েকে হারালেও র্যাংকিংয়ে পতনটা ঠেকানো যায়নি।
দশম দল হিসেবে টেস্ট স্ট্যাটাস পাওয়া বাংলাদেশ এখন আবার ১০ নম্বরেই ফিরে এসেছে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন হোম সিরিজে র্যাংকিংয়ে অবস্থান পরিবর্তনের সুযোগ আছে মুমিনুল বাহিনীর সামনে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজ জিতলে বা সিরিজ ড্র করলেই র্যাংকিংয়ের ৯-এ উঠবে বাংলাদেশ। ২-০ তে সিরিজ জিতলে রেটিং পয়েন্ট হবে ৬৬, ১-০ তে হলে ৬৪ হবে। সিরিজ ১-১, ০-০ শূন্য ড্র হলেও ৫৯ পয়েন্ট নিয়ে ৯-এ উঠবে বাংলাদেশ। তবে ২-০ তে সিরিজ হারলে ৫১ পয়েন্ট ও ১-০ তে হারলে পয়েন্ট হবে ৫৪।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, এ ফরম্যাটে যত বেশি খেলবে বাংলাদেশ, ততই উন্নতি করবে। র্যাংকিংয়ে ১০-এ ফিরে যাওয়া সম্পর্কে গতকাল তিনি বলেছেন, ‘আমি বিশ্বাস করি যতগুলো টেস্ট ম্যাচ আমরা খেলতে পারব তত উন্নতি করব। র্যাংকিংটা অনেক ক্ষেত্রে অনেক ভ্যালু করা হয়, আবার অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের জন্য ম্যাচ খেলাটা জরুরি। আমরা যেহেতু টেস্ট খেলতে পারি নাই তো আমাদের র্যাংকিং তো নিচে নামবেই।’
খর্ব শক্তির উইন্ডিজদের বিরুদ্ধে জয়ের নিশ্চয়তা নেই। আকরাম খান বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের ভালো টিমের সঙ্গেও আমরা জিতেছি। কিন্তু খারাপ দলের সঙ্গে যে জিতব এমন কোনো কথা নেই। জরুরি হচ্ছে আমাদের ভালো খেলতে হবে। সেদিকেই আমরা মনোযোগ দিচ্ছি।’
