স্পোর্টস রিপোর্টার
কলকাতায় গিয়ে কোয়ারেন্টাইন কাটিয়ে অনুশীলনে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। কলকাতায় আই লিগ শুরু হবে ৯ জানুয়ারি। জামাল ভুঁইয়া খেলবেন মোহামেডানের সাদাকালো জার্সি গায়ে। গতকাল মোহামেডানের অনুশীলনে যোগ দিয়েছেন জামাল। ডেনমার্ক প্রবাসী জামাল ঢাকায় প্রিমিয়ার লিগের ক্লাব সাইফ স্পোর্টিংয়েরও অধিনায়ক এবং তিনি লোনে কলকাতায় খেলতে গিয়েছেন। ৯ জানুয়ারি সল্টলেক স্টেডিয়ামে দিল্লির সুদেভা মুনলাইটের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে জামাল ভুঁইয়াদের আই লিগ অভিযান। কলকাতার সংবাদ মাধ্যমে এসেছে আই লিগ শুরুর আগে গোলরক্ষক সমস্যায় মোহামেডান। একাদশের গোলকিপার প্রিয়ন্ত সিংহ কোভিড আক্রান্ত হয়েছেন। গোলকিপার সংকটে পড়েছে মোহামেডান। নতুন গোলকিপার দলে যোগ দিয়ে কোয়ারেন্টাইন কাটিয়ে মাঠে নামতে নামতে একাধিক ম্যাচ শেষ হয়ে যেতে পারে। ভাগ্যভালো বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়ার। কলকাতায় গিয়ে তিনি আক্রান্ত হননি। দুবাইয়ে কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই খেলে থেকে গিয়েছিলেন ভ্রমণের জন্য। তার পরই তিনি করোনা আক্রান্ত হন। এখন ভালো। বাংলাদেশের ফুটবল দর্শক জামালের কারণে আই লিগে চোখ রাখবে।
