স্পোর্টস রিপোর্টার
আসন্ন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের টিভি স্বত্ব পেয়েছে ভ্যানটেক নামের একটি প্রতিষ্ঠান। গত মঙ্গলবার গাজী টিভি এবং দেশের একমাত্র ও প্রথম স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টসকে টপকে সিরিজের টিভি স্বত্ব কিনেছে তারা। ১৭ কোটি ৯৭ লাখ টাকায় তারা পেয়েছে টিভি স্বত্ব। তবে প্রতিষ্ঠানটি এই স্বত্ব বিক্রি করে দেবে বলে জানা গেছে। বিসিবি সূত্র জানায়, ইতিমধ্যে টি-স্পোর্টস সিরিজের স্বত্ব ভ্যানটেকের কাছ থেকে কেনার আগ্রহ প্রকাশ করেছে।
তবে হোম সিরিজে বাংলাদেশ জাতীয় দলের স্পনসর ও সিরিজের টাইটেল স্পনসর এখনো চূড়ান্ত হয়নি। দ্রুতই স্পনসরশিপ চূড়ান্ত হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। গতকাল জানতে চাইলে তিনি বলেছেন, ‘টিভি স্বত্ব অনেকটাই চূড়ান্ত হয়ে গেছে, আপনারা জানতে পাবেন। জাতীয় দলের স্পনসর ও টাইটেল স্পনসরের কাজ চলছে। আমরা একটা একটা করে চূড়ান্ত করছি।’
