নিয়ামতপুরে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন স্বামী-শাশুড়ি গ্রেফতার

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ২২:০২

নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা

নিয়ামতপুরে যৌতুক দিতে না পারায় এক গৃহবধূর চুল কেটে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার গৃহবধূকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গৃহবধূর মা  বাদী হয়ে গতকাল বুধবার নিয়ামতপুর থানায় মামলা করেছেন। পরে গৃহবধূর স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৬ বছর আগে উপজেলার ভাবিচা ইউনিয়নের আমইল সোনারপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাকের সঙ্গে বিয়ে হয় নির্যাতনের শিকার গৃহবধূর। বিয়ের  পর থেকে যৌতুকের জন্য প্রায়ই ঐ গৃহবধূকে নির্যাতন করতেন তার স্বামী। হঠাত্ গত মঙ্গলবার গৃহবধূকে শারীরিক নির্যাতন করে মাটিতে ফেলে দেয় আব্দুল রাজ্জাক। প্রতিবেশীর মাধ্যমে গৃহবধূর মা সংবাদ পেয়ে দেখা করেতে চাইলে তাকে দেখা করতে দেয় না। পরে গৃহবধূর মা নিরুপায় হয়ে থানায় অভিযোগ করলে পুলিশ ফোর্স পাঠিয়ে গৃহবধূকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) হুমায়ন কবির বলেন, মামলা হওয়ার পর অভিযান চালিয়ে গৃহবধূর স্বামী ও শাশুড়িকে গ্রেফতারর করে জেল হাজতে পাঠানো হয়েছে।