ইস্কাটনে জোড়া খুন
ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি বখতিয়ার আলম রনিকে জামিন দেয়নি হাইকোর্ট। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার তার জামিন আবেদনটি কার্য তালিকা থেকে বাদ দেন। দণ্ডিত রনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য পিনু খানের ছেলে। ২০১৫ সাল থেকে তিনি কারাগারে আছেন। রনির জামিন আবেদনের পক্ষে আইনজীবী মোতাহার হোসেন সাজু ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার জামিনের বিরোধিতা করে শুনানি করেন। শুনানি শেষে রনির জামিন নামঞ্জুর করে হাইকোর্ট।
২০১৯ সালের ৩১ জানুয়ারি আদালত জোড়া খুনের মামলায় রনিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. মঞ্জুরুল ঈমাম এ রায় দেন।
প্রসঙ্গত ২০১৫ সালের ১৩ এপ্রিল তিন বন্ধুসহ রনি একটি বারে মদ পান করেন। এরপর গভীর রাতে বাসায় ফেরার পথে নিউ ইস্কাটন রোডে যানজটে তার গাড়ি আটকা পড়লে পিস্তল বের করে রনি এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে রিকশাচালক আবদুল হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান হাকিম ও ইয়াকুব। এরপর হাকিমের মা মনোয়ারা বেগম রমনা থানায় অজ্ঞাত পরিচয়ে কয়েক জনকে আসামি করে মামলা করেন।
