ইত্তেফাক রিপোর্ট
শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিত্সাধীন মওদুদ আহমদের হূদ্?যন্ত্রে আজ বৃহস্পতিবার পেসমেকার স্থাপন করা হবে। গতকাল বুধবার বিকালে মওদুদ আহমদকে দেখে হাসপাতাল থেকে বের হয়ে এ কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, মওদুদ আহমদ আগের চেয়ে ভালো আছেন। তিনি কথা বলেছেন, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, তার হূদ্যন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হবে। এখন একটা অস্থায়ী পেসমেকার আছে। গতকাল দুপুর ২টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন মওদুদ আহমদকে দেখতে যান। এর আগে গত ২৯ ডিসেম্বর রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পেলে মওদুদ আহমদকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বেড়েছে বলে চিকিত্সকরা জানান।
