অনুষদ প্রতিষ্ঠার ১০ বছরেও হয়নি ভেটেরিনারি ক্লিনিক

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ২২:২৪

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

মো. আবু হানিফ, শেকৃবি সংবাদদাতা

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের মধ্যে অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অন্যতম। অনুষদটি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার ১০ বছরেও হয়নি ভেটেরিনারি ক্লিনিক। ফলে ব্যবহারিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। জানা যায়, অনুষদটি থেকে ইতিমধ্যে চারটি ব্যাচ স্নাতক শেষ করেছে এবং ৫টি ব্যাচ স্নাতক পর্যায়ে বিভিন্ন লেভেলে রয়েছে। পাঁচ বছর মেয়াদি স্নাতক কোর্সের তৃতীয় বর্ষ থেকেই সার্জারি ও মেডিসিনবিষয়ক কোর্স শুরু হয়। এসব কোর্সের সঙ্গে ব্যবহারিক শিক্ষা খুবই জরুরি। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি ক্লিনিক না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা।

জানা যায়, গত বছরের ১৪ জুলাই ভেটেরিনারি ক্লিনিক নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হলেও এখনো কাজ শুরু হয়নি। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ২০১৪ সালে তত্কালীন উপাচার্য অধ্যাপক মো. সাদাত উল্লাহ ভেটেরিনারি ক্লিনিক নির্মাণের জন্য ১ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ দেন। সেই বাজেট পাশ হয় ২০১৬ সালে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তিনতলা বিশিষ্ট ৪৯০ বর্গমিটারের ভেটেরিনারি ক্লিনিকের অনুমোদন দেয়। তবে সেই অনুমোদন আর আলোর মুখ দেখেনি। প্রশাসনের উদাসীনতায় ভেটেরিনারি ক্লিনিকের নির্মাণকাজ শুরু হচ্ছে না

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. আজিজুর রহমান ইত্তেফাককে বলেন, ‘জুলাই মাসে ক্লিনিকের টেন্ডার হয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠান কাজ নিয়েছে, চুক্তি হয়েছে। কিন্তু প্রজেক্ট প্ল্যানের মেয়াদ গত ৩১ ডিসেম্বর ২০২০ শেষ হওয়ায় ওয়ার্ক অর্ডার করতে পারছি না। ফলে কাজ শুরুতে বিলম্ব হচ্ছে। প্রজেক্ট প্ল্যানের সময়সীমা বর্ধিত করার জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। আশা করি, শিগিগরই সময়সীমা বর্ধিত হবে এবং তখনই ওয়ার্ক অর্ডার করে দেব।’ ২০২০ সালের শেষের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক তিন শীর্ষ পদ শূন্য থাকায় মেয়াদের মধ্যে ওয়ার্ক অর্ডার করা সম্ভব হয়নি বলে জানান তিনি।