নারায়ণগঞ্জে কর্মশালায় বক্তারা
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
মহামারি করোনার দ্বিতীয় ঢেউ এবং ডেঙ্গু থেকে রেহাই পেতে নারায়ণগঞ্জবাসীকে সতর্ক ও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো প্রধান আব্দুল আজিজ। গতকাল বুধবার সকালে জেলা সিভিল সার্জন অফিসে আয়োজিত করোনা ও ডেঙ্গু প্রতিরোধ এবং সচেতনতা বিষয়ে কর্মশালায় এই পরামর্শ দেন তিনি। স্বাস্থ্য শিক্ষা ব্যুরো প্রধান নারায়ণগঞ্জে করোনায় ১৫১ জনের মৃত্যুর বিষয় তুলে ধরে আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে না পারলে জেলায় মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। তাই এখন থেকেই সবাইকে সতর্কতা অবলম্বন করা জরুরি বলে মনে করেন তিনি।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজের সভাপতিত্বে কর্মশালায় করোনা ও ডেঙ্গু প্রসঙ্গে আরো আলোচনা করেন জেলা করোনা ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলাম এবং স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার হেপিনা ত্রিপুরা। কর্মশালা সঞ্চালনা করেন জেলা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আমিনুল হক। জেলা করোনা ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলাম দেশের সার্বিক অবস্থা তুলে ধরে এই পরিস্থিতি মোকাবিলায় করণীয়, স্বাস্থ্য সচেতনতা, সামাজিক দূরত্ব মেনে চলা ও চিকিত্সাব্যবস্থা সম্পর্কে অবহিত করেন। বিশেষ করে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার ও বারবার হাত ধোয়ার ব্যাপারে তাগিদ দেন তিনি। এছাড়া আক্রান্ত ব্যক্তির নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও তার ওপর নির্ভর না করে উপসর্গগুলোকে গুরুত্ব দিয়ে তাত্ক্ষণিক চিকিত্সকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন জেলা স্বাস্থ্য বিভাগের করোনাবিষয়ক এ কর্মকর্তা। করোনার পাশাপাশি ডেঙ্গুর ব্যাপারেও সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে এর প্রকারভেদ, ধরন, করণীয় এবং কোন মশা দ্বারা ডেঙ্গু সংক্রমণ হয়—এ ব্যাপারেও বিস্তারিত তুলে ধরেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, করোনার ভ্যাকসিন জেলায় সরবরাহ হওয়া সরকারি বিধি অনুযায়ী সাধারণ মানুষকে তা দেওয়া হবে। তবে প্রথম পর্যায়ে অগ্রাধিকার পাবেন জেলা ও উপজেলা পর্যায়ে তালিকাভুক্ত পেশাদার গণমাধ্যমকর্মীরা।
