দেশের করোনা ভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা টানা ছয় দিন হাজারের নিচে। গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৯৭৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে গত মঙ্গলবার ৯৯১ জন, গত সোমবার ৯১০, গত রবিবার ৮৩৫, গত শনিবার ৬৮৪ ও গত শুক্রবার ৯৯০ জন করোনা ভাইরাসে নতুন করে সংক্রমিত হন।
দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ১৮ হাজার ৮৯৮ জন হয়েছে। মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৬৮৭ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ২১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৬৩ হাজার ৪৮০ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৪টি আরটি-পিসিআর ল্যাব, ২৭টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৪০টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাত্ সর্বমোট ১৮১টি ল্যাবে ১৫ হাজার ৫৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩৩ লাখ ২ হাজার ৪২৯টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৬ দশমিক ২৯ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৫ দশমিক ৭১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬ লাখ ৯ হাজার ৪২৬টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৬ লাখ ৯৩ হাজার ৩টি। গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ১৫ জন পুরুষ আর নারী দুই জন। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন। তাদের মধ্যে ১১ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, তিন জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, দুই জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং এক জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল।
