বগুড়ার বাসের চাকা ফেটে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বামী-স্ত্রীসহ ১৫ জন যাত্রী আহত হয়েছেন। বর্তমানে স্বামী-স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। গতকাল বুধবার বগুড়া-আক্কেলপুর সড়কে দুপচাঁচিয়া উপজেলা সদরের কনকায় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল জয়পুরহাটের আক্কেলপুর থেকে দুপচাঁচিয়া হয়ে একটি যাত্রীবাহী বাস বগুড়ায় যাচ্ছিল। এসময় দুপচাঁচিয়া উপজেলার সদরের কনকায় বাসস্ট্যান্ড সংলগ্ন পৌঁছালে বাসটির পিছনের চাকা বিকট শব্দে ফেটে যায়। এতে মুহূর্তেই বাসে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ঘটনার সঙ্গে সঙ্গেই প্রাণ বাঁচাতে বাসের যাত্রীরা দ্রুত নামার চেষ্টা করেন। কেউ জানালা দিয়ে, কেউবা ঠেলাঠেলি করে দরজার সামনে দিয়েই নামার চেষ্টায় ব্যস্ত। নামার প্রতিযোগিতায় নারীসহ প্রায় ১৫ জন যাত্রী আহত হয়। তাদের মধ্যে দুজন স্বামী-স্ত্রী গুরুত্বর আহত হন। আহতরা হলেন, বগুড়ার এনামুল হক ও তার স্ত্রী হাসনা বানু।
ঘটনার খবর পেয়েই দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিভানোর চেষ্টা করেন। ততক্ষণে বাসটি অনেকাংশই পুড়ে যায়।
দুপচাঁচিয়া থানার ওসি হাসান আলী জানান, গ্যাসে চালিত বাসটির গ্যাস থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
