নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর নুর হোসেনকে অস্ত্র আইনের একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত এবং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন এ আদেশ দেন। একই সঙ্গে পৃথক আরেকটি চাঁদাবাজির মামলায় আদালত নূর হোসেনকে খালাস দেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমিন আহমেদ জানান, ২০১৪ সালের ২৮ এপ্রিল সাত খুন মামলার আসামি নূর হোসেনসহ তার সহযোগীদের অস্ত্রের লাইসেন্স বাতিল করেন তত্কালীন জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা। অন্য সহযোগীরা বিভিন্ন মাধ্যমে তাদের অস্ত্র জামা দিলেও নূর হোসেন তার অস্ত্রটি জমা না দিয়ে নিজের হেফাজতে রাখেন। এই অস্ত্র উদ্ধারে ঐ বছরের ৫ মে নূর হোসেনের বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালেও সেটি পাওয়া যায়নি। পরে একই বছরের ২ আগস্ট রাজধানীর মালিবাগ রেলক্রসিং এলাকায় দুর্ঘটনাকবলিত একটি প্রাইভেট কার থেকে নুর হোসেনের অস্ত্রটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ। ঐ অস্ত্র উদ্ধারের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা হয়। মামলায় তদন্ত কর্মকর্তাসহ ছয় জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত নূর হোসেনকে যাবজ্জীবন করাদণ্ড প্রদান করেন। একই আদালতে আরেকটি চাঁদাবাজির মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় নূর হোসেন ও তার আট সহযোগী খালাস পান।
এর আগে বুধবার সকালে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কাশিমপুর কারাগার থেকে নূর হোসেনকে নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হয়।
