নানা আয়োজনে সরকারের একযুগ পূর্তি উদ্যাপন

সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ০০:৩৮

নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের টানা এক যুগ (১২ বছর) পূর্তি উদ্যাপিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভা, শেখ হাসিনার সুস্থতা কামনায় দোয়া মাহফিল, আনন্দ শোভাযাত্রা, শীতবস্ত্র বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। এসব কর্মসূচিতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। গতকাল বঙ্গবন্ধু এভিনিউয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। গতকাল বঙ্গবন্ধু এভিনিউস্থ কার্যালয়ে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফী। সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন রুহুল এমপি, দিলীপ কুমার রায়, শহীদ সেরনিয়াবাত প্রমুখ। সভা শেষে শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা খলিলুর রহমান।

স্বেচ্ছাসেবক লীগ :গতকাল বেলা ১২টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগ আলোচনাসভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম । আয়োজক সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর উত্তর-দক্ষিণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

কৃষকলীগ :সকাল ৯টায় বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির নেতৃত্বে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল সাড়ে ১০টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটি। পরে কেক কাটার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের এক যুগ পূর্তি উদ্যাপন করা হয়। সভা শেষে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। সভায় সভাপতিত্ব করেন কৃষিবিদ সমীর চন্দ। এছাড়া আওয়ামী লীগের উদ্যোগে সারা দেশে দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। মন্দির, প্যাগোডা, গির্জা, উপাসনালয়ে দেশব্যাপী বিশেষ প্রার্থনার অংশ হিসেবে গতকাল রাজধানীর মেরুল বাড্ডাস্থ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায়, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু সম্প্রদায় এবং মিরপুর ব্যাপ্টিস্ট চার্চে খ্রিষ্টান সম্প্রদায় বিশেষ প্রার্থনা সভা হয়।

যুবলীগ :গতকাল যুবলীগ দলীয় কার্যালয়ে আওয়ামী যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের সার্বিক মঙ্গল কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন—যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল। উপস্থিত ছিলেন যুবলীগ প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, মঞ্জুর আলম শাহীন, হাবিবুর রহমান পবন, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, তাজ উদ্দিন আহমেদ, মো. জসিম মাতুব্বর, মো. আনোয়ার হোসেন, এম. শাহাদাত হোসেন তসলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম সৈকত জোয়ার্দারসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ।