সড়ক দুর্ঘটনায় অভিনেত্রীর মৃত্যু

আশাকে বহনকারী মোটরবাইক চালক গ্রেফতার

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ০০:৩৯

রাজধানীর টেকনিক্যাল মোড়ে অভিনেত্রী আশা চৌধুরীর মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে তাকে বহনকারী মোটরবাইক চালক শামীম আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। আশার বাবা আবুল কালাম গত মঙ্গলবার রাতে দারুস সালাম থানায় করা মামলায় শামীমসহ অজ্ঞাতপরিচয় আরো চার জনকে আসামি করেন। সড়ক আইনের ১০৫ ধারায় দায়ের করা এই মামলায় পুলিশ শামীমকে গ্রেফতার দেখিয়েছে।

গত সোমবার রাত ২টার দিকে টেকনিক্যাল মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন আশা চৌধুরী। তিনি তার পূর্বপরিচিত শামীমের বাইকে করে রূপনগরের বাসায় ফিরছিলেন। সূত্র জানায়, আশা মৃত্যুর আগে গাজীপুরের বোর্ড বাজার এলাকা থেকে বাসায় ফেরার কথা প্রথমে তার পরিবারকে জানান। এরপর বনানী এলাকা থেকে বাসার দিকে রওনা হয়েছিলেন বলে রাত ১১টার দিকে আশা তার মাকে ফোন দিয়ে জানিয়ে ছিলেন। বনানী থেকে কালশী রোড হয়ে আশাদের মিরপুর রূপনগর আবাসিক এলাকার বাসায় ফেরার কথা ছিল। এরপর রাত প্রায় ২টার দিকে আশাকে বহন করা মোটরবাইকের চালক শামীম আশার মাকে ফোন দেন। তিনি তাকে টেকনিক্যাল মোড়ে যেতে বলেন। এরপর শামীম ফোন কেটে দিয়ে কিছুক্ষণ পর পুনরায় ফোন দিয়ে বলেন, ‘আন্টি আশা আর নেই, মারা গেছে।’ ফোনে এসব তথ্য জানানোর সময় আশার বাবা আবুল কালাম কেঁদে ফেলেন। এরপর ফোনটি তার শ্যালক মো. দুলাল হোসেনকে ধরিয়ে দেন।

দুলাল বলেন, শামীম থানায় পুলিশের সামনে তিন রকম কথা বলেছেন। তাদের বাসায় ফেরার কথা ছিল কালশী রোড হয়ে কিন্তু টেকনিক্যাল মোড়ে তিনি কীভাবে গেলেন? চালক শামীম জানিয়েছেন, তিনি পথ ভুলে টেকনিক্যাল মোড়ে গিয়েছিলেন। দুলাল বলেন, তার ভাগনি আশার ঢাকার প্রায় সব রাস্তাই চেনা, তাই সে রাস্তা ভুলে আসতে পারে না। বাইকচালক শামীম বলেছেন, আশা রোড পার হতে গিয়ে গাড়িচাপায় মারা গেছেন। কিন্তু সেখানকার সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, মোটরবাইকে থাকা অবস্থায় ট্রাকের ধাক্কায় আশা রাস্তায় পড়ে যান। এ সময় তার মাথার ওপর দিয়ে ট্রাকের চাকা চলে যায়। তিনি অভিযোগ করেন, শামীমই পরিকল্পিতভাবে নেশাজাতীয় কিছু খাইয়ে ছিল আশাকে। গাড়িচাপায় আশা রাস্তায় ছিটকে পড়ার পরও আশাকে একবারও ধরতে যায়নি। শামীম আড়াই ঘণ্টা কীভাবে কোন কোন রাস্তায় ঘুরেছেন, তা সঠিকভাবে বলতে না পারায় তাকে সন্দেহ করে মামলায় প্রধান আসামি করা হয়েছে।

এ ব্যাপারে দারুস সালাম থানার ওসি তোফায়েল আহম্মেদ বলেন, এ ঘটনায় এজাহারভুক্ত আসামি শামীম আহমেদকে গ্রেফতার করা হয়েছে।