ইসির অনিয়ম তদন্তে উদ্যোগ নিতে রাষ্ট্রপতির প্রতি বাম জোটের আহ্বান

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ০০:৩৯

সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে নির্বাচন কমিশনের (ইসি) বিভিন্ন অনিয়ম তদন্তের উদ্যোগ নিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন গণতান্ত্রিক বাম জোটের নেতারা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল বুধবার ইসি ঘেরাও করতে গিয়ে পরিবেশ অধিদপ্তরের সামনে পুলিশের বাধা পেয়ে সেখানেই করা সমাবেশে তারা এ আহ্বান জানান।

সমাবেশে বাম জোটের সমন্বয়ক ও সিপিবির প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ ক্বাফি রতন বলেন, হুদা কমিশন দিনের ভোট রাতে আয়োজন করে, ভোট ডাকাতির নির্বাচন আয়োজন করে এই সরকারকে আবারও ক্ষমতায় এনেছে। জাতীয় নির্বাচনকে কলঙ্কিত করে ইসি এখনো লজ্জাহীনভাবে তাদের পদ আঁকড়ে ধরে বসে আছে। এই ইসি তাদের পদে থাকার সমস্ত অধিকার হারিয়েছে। তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। সমাবেশে ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম, বাসদের কেন্দ্রীয় নেতা খালেকুজ্জামান লিপন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আকবর খান, সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য আহসান হাবিব লাবলু প্রমুখ বক্তব্য দেন।