ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের দিন ঢাকায় বাসে আগুন দেওয়ার একাধিক মামলায় ১৭৮ বিএনপি নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের জামিন দেয় আদালত। এই সময়ের মধ্যে তাদেরকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে হবে। বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল এই আদেশ দেন।
আদালতে বিএনপি নেতাদের পক্ষে ব্যারিস্টার কায়সার কামাল শুনানি করেন। তিনি জানান, উত্তরা, ধানমন্ডি, শাহবাগ ও মতিঝিল থানায় দায়ের করা একাধিক মামলায় ১৭৮ জন নেতাকর্মী ৩৬টি জামিন আবেদন করেছেন। সেই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট বিএনপি নেতা শেখ রবিউল আলম, যুবদলের দুই সহসভাপতিসহ এসব নেতাকর্মীকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আগাম জামিন দিয়েছে। এর মধ্যে তাদেরকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
