হামলার সময় ভূগর্ভস্থ সুড়ঙ্গে লুকিয়ে ছিলেন আইনপ্রণেতারা

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ১৩:১২

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কংগ্রেস আইনসভা বা ক্যাপিটল ভবনে হামলা চালিয়েছে ট্রাম্পপন্থী সমর্থকরা। ভবনের ভিতরে সংঘর্ষে গুলিতে নারীসহ চারজন নিহত হয়েছে। এই হামলার সময় ভবনের মধ্যে থাকা আইনপ্রণেতারা ভূগর্ভস্থ সুড়ঙ্গে লুকিয়ে ছিলেন বলে জানিয়েছে এনডিটিভি।

জানা যায়, হামলার পরপরই ক্যাপিটল ভবনের নীচে থাকা নিরাপত্তা সুড়ঙ্গ চলে যান আইনপ্রণেতারা। সেসময় হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি সবাইকে শান্ত থাকার পরামর্শ দেন। সুড়ঙ্গের সব দরজা বন্ধ করে দেয়া হয়েছে বলে আশ্বাস দেন তিনি।

এরপরেই তাদের ওপর আরো এক বিপদ নেমে আসে। এক ঘোষণায় বলা হয়, সুড়ঙ্গের মধ্যে হামলাকারীরা বিষাক্ত গ্যাস ছুড়েছে। এতে আইনপ্রণেতাদের মধ্যে আশংকা দেখা দিলেও আরেক ঘোষণায় বলা হয়, প্রত্যেকের সিটের নীচে বিষাক্ত গ্যাস প্রতিরোধক মাস্ক আছে।

প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য দেশটির আইন প্রণেতারা যখন অধিবেশনে বসেছিলেন এসময় ট্রাম্পের শত শত সমর্থক ক্যাপিটলে ঢুকে পড়ে।

এসময় বিক্ষোভকারীরা ক্যাপিটল ভবনের দরজা জানালায় ভাংচুর চালায়। কয়েক ঘণ্টা ধরে একপ্রকার ক্যাপিটল দখল করে রাখে বিক্ষোভকারীরা। পুলিশ ক্যাপিটল ভবনে জারি করে লকডাউন। তবে শেষমেশ বিক্ষোভকারীদের হটাতে সক্ষম হয় পুলিশ।
ওয়াশিংটনের পুলিশ প্রধান রবার্ট কন্টি বলেন, নিহতদের মধ্যে একজন নারী আছেন। নিরাপত্তার স্বার্থে পুলিশ তাকে গুলি করলে তিনি মারা যান। বাকি ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তিনি জানান, তারা ৫২ জনের বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছেন। তাদের মধ্য ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে কারফিউ ভঙ্গের অভিযোগে।

হোয়াইট হাউজ এবং পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াশিংটনে এবং এর আশেপাশের রাজ্যে জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুই হাজার ৭০০ এর বেশি নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে।

ইত্তেফাক/টিআর