মার্কিন পার্লামেন্ট ভবন ইউএস ক্যাপিটলে ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় হোয়াইট হাউসের তিন ঊর্ধ্বতন কর্মকর্তা পদত্যাগ করেছেন। এছাড়া আরো কয়েকজন পদত্যাগ করবেন বলে গুঞ্জন উঠেছে।
মার্কিন গণমাধ্যম সিএনএনের বরাতে জানা যায়, হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি সারাহ ম্যাথিউস, সোশ্যাল সেক্রেটারি রিকি নিকেটা ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের চিফ অফ স্টাফ স্টেফানি গ্রিজহ্যাম বুধবার রাতে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এক বিবৃতিতে সারাহ ম্যাথিউস বলেন, ‘ট্রাম্প প্রশাসনে সেবা দিতে পেরে এবং যে নীতিগুলো আমরা গ্রহণ করেছি তাতে আমি গর্বিত।’
তিনি বলেন, ‘আজ আমি যা দেখেছি তাতে আমি ভীষণভাবে বিরক্ত ও লজ্জিত। আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি যা এই মুহূর্ত থেকে কার্যকর হবে। আমাদের জাতির একটি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রয়োজন।’
এক বিবৃতিতে স্টেফানি গ্রিজহ্যাম বলেছেন, 'হোয়াইট হাউজে দেশের সেবা করা এটি একটি সম্মানের বিষয়। শিশুদের সহায়তার জন্য মিসেস ট্রাম্পের মিশনের অংশ হতে পেরে আমি অত্যন্ত গর্বিত। এই প্রশাসনের বহু অর্জনের জন্য আমি গর্ববোধ করি।' ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প অবশ্য স্টেফানি গ্রিজহ্যামের পদত্যাগের বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।
স্টেফানি গ্রিশ্যাম ও রিকি নিকেটা ট্রাম্প প্রশাসনে দীর্ঘদিন যাবত কাজ করা কর্মকর্তাদের অন্যতম। গ্রিশ্যাম এর আগে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক হিসেবেও কর্মরত ছিলেন।
এছাড়া পদত্যাগ করার সম্ভাবনাময় তালিকায় আরো আছে, জাতীয় নিরাপত্তা পরামর্শক রবার্ট ওব্রেইন, উপ জাতীয় নিরাপত্তা পরামর্শক ম্যাট পটিংগার ও ডেপুটি চিফ অফ স্টাফ ক্রিস লিডেল।
ইত্তেফাক/টিআর
