বিচারকদের পূর্ণ কর্মঘণ্টার ব্যবহার চান প্রধান বিচারপতি

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ১৮:৩৯

অধস্তন আদালতের বিচারকদের বিচারিক কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি। বৃহস্পতিবার এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়। 

ঐ সার্কুলারে বলা হয়, ‘সম্প্রতি সুপ্রিম কোর্টের গোচরীভূত হয়েছে যে, কোনো কোনো জেলায় জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ  মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা এজলাসের সময়ে তাদের খাস কামরায় অধীনস্থ বিচারকরাসহ আলোচনারত থাকায় এজলাসে বিলম্বে ওঠেন। এছাড়া কোনও কোনও বিচারক, ম্যাজিস্ট্রেট নির্দিষ্ট সময়ের আগেই এজলাস ত্যাগ করেন। ফলে আদালতের বিচারিক কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার  হচ্ছে না।’ 

এমতাবস্থায় দেশের অধস্তন আদালতের জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদেরকে নির্ধারিত বিচারিক কর্মঘণ্টায় অধীনস্থ বিচারক, ম্যাজিস্ট্রেটদের সঙ্গে আলোচনা পরিহার করে বিচারিক কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার করার কঠোর নির্দেশ প্রদান করা হলো। প্রশাসনিক, বিচারিক কোনো বিষয়ে অধীনস্থ বিচারক, ম্যাজিস্ট্রেটদের সঙ্গে আলোচনার প্রয়োজন হলে নির্ধারিত কর্মঘণ্টার পরে আলোচনা করা যাবে বলেও এই সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এই সার্কুলার জারি করেন। 

ইত্তেফাক/এএএম