চলচ্চিত্র শিল্পী সমিতি, পরিচালক সমিতি, প্রযোজক সমিতি, ডিরেক্টর গিল্ডস সহ নানা নামে সংগঠন থাকলেও শিশুশিল্পীদের কোনো সংগঠন এতদিন ছিল না। অবশেষে প্রাতিষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশি শিশুশিল্পীদের সংগঠন ‘লিটল জুয়েলস এন্ড অ্যাঞ্জেলস’। আত্মপ্রকাশের সাথে সাথে তারা বড়োরকম আয়োজন করে সবাইকে মুগ্ধ করেছে। গত ১৮ ডিসেম্বর শুক্রবার দিনব্যাপী, বাংলাদেশি শিশু শিল্পী, মডেল, অভিনেতাদের নিয়ে বড়ো পরিসরে গেটটুগেদারের আয়োজন করা হয়। ‘ফিনানসিয়াল ম্যানেজমেন্ট একাডেমি (ফিমা) অডিটোরিয়ামে বেলুন উড়িয়ে খুদে অভিনেতাদের মিলনমেলার উদ্বোধন করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক, নাট্যকার, নির্মাতা, স্থপতি শাকুর মজিদ এবং চলচ্চিত্র পরিচালক রায়হান জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক নাজমুন নাহার, ম্যাজিশিয়ান প্রিন্স হারুন এবং ম্যাজিশিয়ান তপু মনোয়ার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আন্তর্জাতিক শরণার্থী বিষয়ক গবেষক মিস্টার জাজাফী। শিশুশিল্পীদের এই মিলনমেলায় সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত শতাধিক শিশুশিল্পী ও তাদের পরিবার আনন্দে মেতে ওঠে। শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শন, নাচ, গান, আবৃত্তি, অভিনয়, মজার মজার খেলা, বুফে লাঞ্চ আর হরেক রকম পিঠা, ফল, নাড়ুর সঙ্গে ছিল ফুচকা ও চটপটির আয়োজন। অনুষ্ঠানে ম্যাজিক দেখিয়ে সবাইকে মুগ্ধ করে রাখেন ম্যাজিশিয়ান প্রিন্স হারুণ। দিনশেষে সন্ধ্যা নামলে শিশুশিল্পী ও তাদের পরিবারকে নিয়ে ফানুস উড়িয়ে আনন্দ আয়োজনের সমাপ্তি টানা হয়। শিশুশিল্পীদের সংগঠনের সঙ্গে যুক্ত অভিভাবকদের অনেকেই আশাবাদ ব্যক্ত করেন—আগামীতে আরো বড়ো পরিসরে এই আয়োজন করা হবে। চলচ্চিত্র পরিচালক রায়হান জুয়েল শিশুশিল্পীদের সাথে সারাদিন সময় কাটান এবং শোনান শিশুশিল্পীদের সংগঠন নিয়ে তাঁর ভবিষ্যত্ ভাবনার কথা, যা শিশুশিল্পী ও তাদের পরিবারকে উদ্বুদ্ধ করে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে এই সংগঠনের সুনাম চারদিকে যেমন ছড়িয়ে পড়বে তেমনি এর মাধ্যমেই প্রতিভাধর সব শিশুশিল্পীর আগমন ঘটবে।
