বিষণ্ন চেতনালোক

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ২০:৪৯

তোমাদের উত্সবমুখর হূদয়ে

আমরা কখনও গ্রহণীয় ছিলাম না।

 

তাই ফের ফিরে যাওয়া

এই বিষণ্ন সন্ধ্যার প্রস্তাবনার কাছে।

 

ওই দ্যাখো

এখানে তরঙ্গায়িত অন্ধকারাচ্ছন্ন দিঘিতে

ঢেউ উঠলো আমারই বুকের বেদনার মতো।

দ্যাখো

একটা রুগ্ন পাখি কেমন করে

পালকে মুখ গুঁজে দিলো দুঃখ প্রশমনে!

 

তোমাদের উত্সবমুখর হূদয়ে

আমরা কখনো গ্রহণীয় ছিলাম না।

আমাদের জন্য আজীবন অপেক্ষমাণ

ছিলো এই সন্ধ্যার পথ,

এই অন্ধকারের কারুকাজ,

এই দুঃখের দিঘি আর রুগ্ন পাখি।

 

অপেক্ষমাণ এই সান্ধ্যআঁধারের

পথ ধরে চলতে চলতে...

এইসব মূক গাছেদের গল্প গায়ে জড়িয়ে

দেখো আমরা ঠিক ঘুমিয়ে পড়বো

অন্তরের অগ্নিশয্যার আশ্রয়ে,

আমাদের একমাত্র ঠাঁই এই হূদয়ের

একান্ত বিষণ্ন চেতনালোকে।