আওয়ামী-যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, যুবলীগের সভাপতির নেতৃত্বে সারা দেশে সংগঠনকে শক্তিশালী করা হবে। সারা দেশে জামায়াত-শিবিরকে বাদ দিয়ে যাচাই-বাছাই করে প্রকৃত আওয়ামী লীগের সন্তান ও মুক্তিযোদ্ধা সন্তানদের নিয়ে নতুন কমিটি গঠন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সদরপুর যুবলীগের সভাপতি ও সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, ঢেউখালী ইউনিয়ন চেয়ারম্যান ওমর ফারুক বেপারী, চরবিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, আকোটের ইউনিয়নের চেয়ারম্যান চৌধুরী মনিরুল হক মুরাদ প্রমুখ।
এমপি নিক্সন চৌধুরী আরো বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার আছে বলেই ব্যাপক উন্নয়নের কাজ এগিয়ে চলছে। উপজেলার চরাঞ্চলে শতভাগ বিদ্যুত্ নিশ্চিতকরণ, মুজিব কেল্লা, শেখ রাসেল পার্ক, উপজেলা পরিষদ মার্কেট নির্মাণ এবং সদরপুর-চন্দ্রপাড়া তারাইল সড়কের বেইলি ব্রিজ ভেঙে নতুন ব্রিজ নির্মাণ করা হবে। এর আগে তিনি ঢেউখালী ইউনিয়নের শয়তানখালী ও আকোটের চর ইউনিয়নের গুচ্ছগ্রামে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন।
