শায়েস্তাগঞ্জে যাত্রীবাহী বাস থেকে বুধবার রাতে তক্ষকসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. বাচ্চু মিয়া। শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা সিলেটগামী যুগান্তর পরিবহনের একটি যাত্রীবাহী বাস শায়েস্তাগঞ্জ পৌঁছলে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রী মো. বাচ্চু মিয়ার সঙ্গে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে প্রায় ১০০ গ্রাম ওজনের ১২ ইঞ্চি লম্বা একটি তক্ষক উদ্ধার করা হয়। বাচ্চু মিয়া দীর্ঘদিন যাবত্ তক্ষক সংগ্রহ করে কেনাবেচা করে বলে স্বীকারোক্তি দিয়েছে। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
