মেঘনায় বাল্কহেডে ডাকাতের হামলায় আহত ৪

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ২১:৩৮

চাঁদপুরের মেঘনা নদীতে বুধবার রাতে বালুবাহী বাল্কহেডে ডাকাতদের হামলায় সুকানি ও শ্রমিকসহ চার জন গুরুতর আহত হয়েছেন। বাল্কহেডের সুকানি মিজান পেধা জানান, তারা ঐদিন বালুবাহী বাল্কহেড নিয়ে পটুয়াখালী থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন। রাত ৯টার দিকে চাঁদপুরের মেঘনা নদীর মিয়ার চর এলাকায় আসলে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ইঞ্জিন চালিত ট্রলারযোগে তাদের বাল্কহেডকে উদ্দেশ্যে করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে তাদের মেরে রক্তাক্ত জখম করে। তিনি আরো জানান, ডাকাতরা বাল্কহেডে থাকা ৪০০ লিটারের দুটি তেলের ড্রাম, দামি কাচি ও নোঙ্গরসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।