মাগুরায় স্ত্রী প্রার্থনা রানী বিশ্বাসকে (২৮) পুড়িয়ে হত্যার দায়ে স্বামী অসিত কুমার বিশ্বাসকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) প্রনয় কুমার দাস এ রায় ঘোষণা করেন। মাগুরার শ্রীপুরের খামারপাড়া গ্রামের নিত্যগোপাল বিশ্বাসের ছেলে আসামি অসিত কুমার বিশ্বাস পলাতক রয়েছে। মামলার অপর আসামি অসিতের মা নিভারানী বিশ্বাসকে আদালত খালাস দিয়েছেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক জানান, ২০০৮ সালের ১ ফেব্রুয়ারি শ্রীপুরের হরিন্দি গ্রামের ভাড়া বাড়িতে যৌতুকের দাবিতে অসিত কুমার বিশ্বাস ও তার মা স্ত্রী প্রার্থনা রানীর গায়ে আগুন ধরিয়ে দেয়। এতে তার মৃত্যু হয়। এ ব্যাপারে নিহতের মামা গৌতম কর বাদী হয়ে শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
