সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ২১:৪০

গতিশীল ইন্টারনেট ব্যবস্থা চালুর দাবি

নেত্রকোনা প্রতিনিধি অনলাইন পাঠ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে স্মার্ট ডিভাইস প্রদান, গতিশীল ইন্টারনেট ব্যবস্থা চালু এবং মানসম্মত শিক্ষাব্যবস্থা চালুসহ সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন করা হয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে নেত্রকোনা শহিদ মিনারে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন নেতা পার্থ প্রতিম সরকার, তাজিম রহমান এবং অনন্ত সরকার।

পৌর নির্বাচনে আনসার-ভিডিপি সদস্য বাছাই

বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা আসন্ন পৌর নির্বাচনে শান্তিশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে বেলকুচিতে আনসার ও ভিডিপির সদস্য বাছাই করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে এই বাছাই কাজ চলে। এ সময় উপস্থিত ছিলেন জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রহমতুল্লাহ বারী, মহিলা প্রশিক্ষিকা সুফিয়া খাতুন প্রমুখ।

ভূঞাপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের কমিটি গঠন

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা ভূঞাপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাতে সংগঠনটির কার্যালয়ে তিন বছর মেয়াদি এ কমিটি গঠন করা হয়। এতে নিখিল চন্দ্র বসাককে সভাপতি ও হাসান ছরোয়ার লাভলুকে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে সহসভাপতি পদে আশরাফ আলী তালুকদার, আব্দুল করিম খান, মোস্তাফিজুর রহমান, মঙ্গল চন্দ্র সাহা, সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক হাসান ছরোয়ার লাভলুকে নির্বাচন করা হয়।

দাকোপ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ

দাকোপ (খুলনা) সংবাদদাতা ৭১ টিভির খুলনা ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নু ও দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে দাকোপ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা সদর চালনা ডাকবাংলার মোড়ে প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক গোবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম রেজার পরিচালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময়

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা গাংনী পৌরসভা সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার সময় গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।

নারী নির্যাতন প্রতিরোধবিষয়ক কর্মশালা

মুলাদী (বরিশাল) সংবাদদাতা মুলাদীতে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় মুলাদী প্রেসক্লাবে বেসরকারি সংস্থা আবাস-এর আয়োজনে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সংগঠনসমূহকে উদ্বুদ্ধকরণ প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহসভাপতি কে এম মোশাররফ হোসেন।

নাগেশ্বরীতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় নাগেশ্বরীতে স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় বাসস্ট্যান্ড পাঁচতলার সামনে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বণিক সমিতির সম্পাদক আনিছুর রহমান জিন্নু, সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নাগেশ্বরী সরকারি কলেজের সহকারী অধ্যাপক আজহারুল ইসলাম আল আমীন, প্রেসক্লাব সভাপতি লিটন চৌধুরী প্রমুখ।

করোনা প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা

নেত্রকোনা প্রতিনিধি করোনা ও ডেঙ্গু প্রতিরোধে সাংবাদিকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় নেত্রকোনা সিভিল সার্জন অফিসের আয়োজনে ইপিআই ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. তৌফিক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল এবং এম মুখলেছুর রহমান খান।