আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির জোড়া গোলে ভর করে লা লিগায় অ্যাথলেটিকো বিলবাওকে তাদের ঘরের মাঠে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। ওদিকে সিরি আ’য় এসি মিলানকে ৩-১ গোলে হারিয়ে মৌসুমের প্রথম হারের স্বাদ উপহার দিয়েছে জুভেন্তাস। আর মউরিসিও পচেত্তিনো অধীনে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেলো পিএসজি, লিগ ওয়ানে সান্ট এটিয়েনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে এমবাপেরা।
ম্যাচের তৃতীয় মিনিটেই ইনাকি উইলিয়ামসের গোলে বিলবাও এগিয়ে গেলে কিছুটা বিপাকেই পড়েছিল বার্সা। কিন্তু মেসি-পেদ্রি যুগলবন্দির কল্যাণে দ্রুতই ম্যাচে ফিরে আসে কাতালান ক্লাবটি। ১৪ মিনিটে মেসির বাড়ানো বল থেকে ক্রস করেন ফ্রেঙ্কি ডি ইয়ং, আর সেই ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন পেদ্রি। ৩৮ মিনিটে আবার পেদ্রির পাস থেকে গোল করেন মেসি। দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে দলের জয় নিশ্চিত করেন মেসি। এই জয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে বার্সা।
টানা ২৭ ম্যাচ ও ৩০৪ দিন ধরে অজেয় এসি মিলানকে এবার মাটিতে নামিয়ে আনল আন্দ্রেয়া পিরলোর জুভেন্তাস। দলের মূল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো স্বরূপে না থাকলেও ডিবালা-কিয়েজাদের কল্যাণে সান সিরোতে একরকম সহজ জয়ই পেল ‘তুরিনের বুড়িরা’। জোড়া গোল করেছেন ফেদেরিকো কিয়েজা। এই ইতালীয়ান মিডফিল্ডারের দুটি গোলই আবার করিয়েছেন দলের ‘নাম্বার টেন’ পাওলো ডিবালা। দিনের অন্য ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানও হেরে বসায় টেবিলের শীর্ষস্থান এখনো ধরে রেখেছে এসি মিলান। আর এই জয়ে শীর্ষ চারে উঠে এসেছে রোনালদোর জুভেন্তাস। পিএসজি ম্যানেজার হিসেবে পচেত্তিনোর শুরুটা ভালো হলো না। বুধবার রাতে খর্বশক্তির সান্ট এটিয়েনের বিপক্ষে ড্র করে বসল ফরাসি চ্যাম্পিয়নরা। ১-১ গোলের ড্রয়ের ফলে টেবিলে শীর্ষে থাকা লিওঁর সঙ্গে নেইমারদের ব্যবধান গিয়ে দাঁড়াল ৩ পয়েন্টে।
