ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে ফুটবল ভবনে বাফুফের বৈঠক। সদস্যরা থাকবেন সেখানে। ফুটবল উন্নয়নের জন্য মন্ত্রণালয়ের সহযোগিতা পেতে বাফুফের সবাই উপস্থিত থাকবেন এটাই স্বাভাবিক। সবাই মিলে বাফুফের দাবিগুলো তুলে ধরবে মন্ত্রণালয়ের কাছে। ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল নিজে তার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বাফুফে ভবনে হাজির হয়েছেন। ফুটবলের কথা শুনবেন। কিন্তু বাফুফে সদস্যরা বেরিয়ে যান ভবন হতে। অতিথিদের ভিড়ে বসার স্থান সংকুলান হচ্ছিল না। বাফুফে সদস্যদের বসার ব্যবস্থা ছিল না। চেয়ার এসে পৌঁছানোর আগেই কিছু সদস্য সভা কক্ষ হতে বেরিয়ে যান। এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে ফোন দেওয়া হলে তিনি ফোন ধরেননি।
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের চোখে বাফুফে সদস্যদের ব্যাপারটি দৃষ্টিকটু লেগেছে। বাফুফের সদস্যদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি অতিথিদের সামনে ভালো লাগেনি। বাফুফের সদস্য আমের খান বললেন, ‘ভুল বোঝাবুঝি হয়েছে আর কি। আমাদের অনেকেই বেরিয়ে গেছে। মুন, রুপু দা, মাহা সেলিম, ঢাকার বাইরে থেকে যারা এসেছিলেন তারাও চলে যান। আগে বলে দিলেই ভালো হতো। আমাদের কাজটা ছিল শুধু মন্ত্রীকে রিসিভ করা।’
