আইসিসির ভুলের শিকার বাংলাদেশ

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ২১:৪৪

গত পরশু প্রকাশিত আইসিসি টেস্ট র্যাংকিংয়ে ৯ নম্বরে ছিল আফগানিস্তান। আর ১০ নম্বরে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে ২০ বছরের অভিজ্ঞতা নিয়েও টাইগাররা নবীন আফগানদের পেছনে অবস্থান করছে। তা যেন মানতে পারেনি বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। তবে পুরো পরিস্থিতিটি সৃষ্টি হয়েছে আইসিসির ভুলের কারণে। গতকাল সেই ভুল শুধরে নতুন র্যাংকিং প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

সাড়ে তিন বছর আগে টেস্ট স্ট্যাটাস পেয়ে আফগানিস্তান খেলেছে মাত্র ৪ টেস্ট। তাই র্যাংকিংয়ে নাম লেখানোর মতো এখনো পর্যাপ্ত ম্যাচ খেলেনি তারা। আইসিসির ভুলেই র্যাংকিংয়ে ৯ নম্বরে ছিল ৪ টেস্টে ৫৭ রেটিং পয়েন্ট পাওয়া আফগানরা। আর ৫৫ রেটিং পয়েন্ট থাকায় বাংলাদেশের অবস্থান হয় ১০-এ। এমন ভুলের পর গতকাল টেস্ট র্যাংকিং সংশোধন করে আইসিসি। যেখানে ৯ নম্বরে আছে বাংলাদেশ আর আফগানিস্তানকে কোনো জায়গাই দেওয়া হয়নি।