ইংলিশ লিগ কাপকে যেন একরকম নিজের সম্পত্তিই বানিয়ে ফেলছেন পেপ গার্দিওলা। ২০১৬ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর প্রথম মৌসুম বাদে প্রত্যেকবারই জিতেছেন এই শিরোপা। সেই ধারা অব্যাহত রেখে বুধবার ওল্ড ট্রাফোর্ডে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে টানা চতুর্থবারের মতো লিগ কাপের ফাইনালে পা রাখল গার্দিওলার সিটি। ওয়েম্বলি স্টেডিয়ামে ২৫ এপ্রিল ফাইনালে জোসে মরিনহোর টটেনহাম হটস্পার্সের মুখোমুখি হবে সিটিজেনরা।
সম্প্র্রতি প্রয়াত ম্যানচেস্টার সিটি কিংবদন্তি কলিন বেলকে স্মরণ করে শুরু হওয়া এই ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে এক ফ্রিকিকে গা ছুঁইয়ে দলকে এগিয়ে নিয়ে যান সিটি ডিফেন্ডার জন স্টোনস। ম্যাচের শেষদিকে কর্নার থেকে গোল করে সিটির জয় নিশ্চিত করেন ফার্নান্দিনহো। ম্যাচশেষে কিংবদন্তি কলিন বেল ও তার পরিবারকে এই বিজয় উত্সর্গ করেন গার্দিওলা।
