জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আগামী ১০ জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন অডিটরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেনাসদর, আইটি পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আমিনুল হক।
তনি জানান, উক্ত ম্যারাথনে দেশ ও বিদেশের এলিট রানার, সার্ক রানার এবং বাংলাদেশি রানারসহ আনুমানিক ২০০ দৌড়বিদ অংশগ্রহণ করবেন। আর্মি স্টেডিয়াম থেকে ৪২ দশমিক ১৯৫ কিলোমিটার ফুল ম্যারাথন ও ২১ দশমিক ৯৭ কিলোমিটার হাফ ম্যারাথন শুরু হয়ে হাতিরঝিলে শেষ হবে। আর রুট হিসেবে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম-কাকলী ক্রসিং-কামাল আতাতুর্ক অ্যাভিনিউ-গুলশান-২-গুলশান-১-পুলিশ প্লাজা-হাতিরঝিল (সম্পূর্ণ হাতিরঝিল চার চক্কর দিয়ে শেষ হবে) ব্যবহূত হবে। ফুল ম্যারাথনে অংশ নেবেন ১০০ জন, যা শুরু হবে ১০ জানুয়ারি সকাল সাড়ে ৬টায়। অপরদিকে ১০০ জনের অংশগ্রহণে হাফ ম্যারাথন শুরু হবে একই দিন সকাল ৬টা ৪০ মিনিটে। ম্যারাথনে অংশগ্রহণকারী সবাইকে করোনা টেস্ট করে নেগেটিভ হয়ে ম্যারাথনে অংশ নিতে হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান, সেনাসদর, এমটি পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল মো. শওকত ওসমান, স্পোর্টস ভিশন লিমিটেডের চেয়ারম্যান ক্যাপ্টেন সাইফুর রহমান এবং বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। —আইএসপিআর
