আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া গ্রামের শফিকুল ও বশির গংদের ইটভাটায় কৃষকদের কৃষিজমি থেকে মাটি কেটে আনার অভিযোগের প্রমাণ পেয়ে ইটভাটাকে ৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই সঙ্গে ঐ ইটভাটার কোন কাগজপত্র না থাকায় তা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হোসেন।
স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন ইটভাটায় কৃষিজমি থেকে মাটি কেটে এনে দেয় কালাপাহাড়িয়ার স্থানীয় জরিপের ছেলে কবির ও করিমের ছেলে সিরাজ। তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে গেলেই দলবল নিয়ে কৃষকসহ স্থানীয়দের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি-ধমকি দেন। তাদের ভয়ে স্থানীয়রা কেউ মুখ খুলতে সাহস পায় না।
ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে কৃষকদের জমি থেকে মাটি আনার অভিযোগে একটি ইটভাটাকে ৩ লাখ টাকা অর্থদণ্ড এবং আরেকটি ইটভাটার কাগজপত্র না থাকায় সেটি ভেঙে গুঁড়িয়ে দিয়ে বন্ধ করে দেওয়ার পাশাপাশি ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
