ছয় দিন পর হাজারের বেশি শনাক্ত

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ২২:৩৮

দেশে টানা ছয় দিন দৈনিক করোনা ভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচে থাকার পর গতকাল বৃহস্পতিবার আবার তা হাজারের ওপরে দাঁড়িয়েছে। গত এক দিনে শনাক্ত হয়েছে ১ হাজার ৭ জন। নতুন বছরের প্রথম দিন ৯৯০ জন রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ২ জানুয়ারি তা নেমে আসে ৬৮৪ জনে। এর পরের চার দিন তা ৮০০ থেকে ৯০০-এর ঘরে ওঠানামা করতে দেখা যায়। এই ছয় দিনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যাও ৩০-এর নিচে ছিল।

বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ৭ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ১৯ হাজার ৯০৫ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ৩১ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৭১৮ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ৯৬৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ হওয়া রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৬৪ হাজার ৪৪৬ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৪টি আরটি-পিসিআর ল্যাব, ২৭টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৪০টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাত্ সর্বমোট ১৮১টি ল্যাবে ১৫ হাজার ৩৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩৩ লাখ ১৭ হাজার ৮১০টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৬ দশমিক ৫৫ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৫ দশমিক ৬৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬ লাখ ২০ হাজার ৮৭৬টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৬ লাখ ৯৬ হাজার ৯৩৪টি।