নিউজিল্যান্ড-পাকিস্তানের সিরিজ শেষে গত ৬ জানুয়ারি টেস্ট ক্রিকেটের নতুন র্যাংকিং প্রকাশ করেছিল আইসিসি। র্যাংকিংয়ের তালিকা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের, হতাশাও ছড়ায় সবার মাঝে। কারণ প্রকাশিত র্যাংকিংয়ে ভুল করে আফগানিস্তানকে যুক্ত করেছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এবং ৫৭ রেটিং পয়েন্টধারী আফগানদের দেখানো হয় ৯ নম্বরে। ৫৫ রেটিং পয়েন্ট থাকা বাংলাদেশের অবস্থান ছিল ১০ নম্বরে।
যা ছিল পুরোটাই আইসিসির ভুল। তাদের ভুলেই বিভ্রান্তি তৈরি হয়। নিজেদের ভুল বুঝতে পেরে গতকাল টেস্ট র্যাংকিং সংশোধন করেছে সংস্থাটি। যেখানে বাংলাদেশ পূর্বের ৯ নম্বরেই রয়েছে। আর র্যাংকিংয়ে নাম নেই আফগানদের। কারণ র্যাংকিংয়ে নাম ওঠার মতো পর্যাপ্ত ম্যাচ খেলেনি দেশটি।
২০১৭ সালে টেস্ট স্ট্যাটাস পায় আফগানিস্তান, আয়ারল্যান্ড। ২০১৮ সালে ভারতের বিরুদ্ধে আফগানদের টেস্ট অভিষেক হয়। তারপর এখন পর্যন্ত চার টেস্টে দুটি জয়, দুটি হার রয়েছে তাদের। পর্যাপ্ত ম্যাচ না খেলায় করোনা থাবা বসানোর আগে প্রকাশিত র্যাংকিংয়ে নাম ছিল না তাদের। করোনাকালে বাংলাদেশের মতোই রশিদ খানের দল কোনো টেস্ট খেলেনি। তাই এখনো র্যাংকিংয়ে যুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেনি দেশটি। কিন্তু ভুল করে তাদেরকে র্যাংকিংয়ে তুলে আনে আইসিসি। যার ফলেই সাদা পোশাকের ক্রিকেটে নবীন আফগানদের নিচে দেখনো হয়েছিল বাংলাদেশের অবস্থান।
