কোয়ারেন্টাইনের ভয়

লন্ডন-সিলেট রুটে বিমানের যাত্রী কমছে আশঙ্কাজনক হারে

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ২২:৪১

দেশে ফিরে নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করার পর থেকে যুক্তরাজ্য থেকে দেশে আসার আগ্রহ হারিয়ে ফেলেছেন প্রবাসীরা। অনেকে দেশে ফেরার জন্য আগে টিকিট কেটে রাখলেও কোয়ারেন্টাইনের নির্দেশনা জানান পর টিকিট বাতিল করেছেন। ফলে লন্ডন-সিলেট রুটে বিমানের যাত্রী কমে গেছে আশঙ্কাজনক হারে।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে হিথ্রো বিমানবন্দর থেকে সিলেট ওসমানী বিমানবন্দরে যে ফ্লাইটটি এসেছে সেটিতে টিকিট কেটেছিলেন ২০০ জন। কিন্তু দেশে ফিরেছেন মাত্র ৩৪ জন। বাকি ১৬৬ জন যাত্রীই টিকিট বাতিল করে দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, ৩৪ জনের মধ্যে সিলেটে নামা ২৮ যাত্রীকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখার জন্য বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। এরআগে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের নির্দেশনা কার্যকরের পর গত সোমবার সিলেটে প্রথম ফ্লাইটে যাত্রী ছিলেন মাত্র ৪৮ জন। এরমধ্যে ৪২ জন ছিলেন সিলেটের। অথচ ঐ ফ্লাইটে ১৫২ জন যাত্রী টিকিট কেনার পরও বাতিল করে দেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট অফিসের ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার জানান, দেশে ফিরে নিজ খরচে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে এই ভয়ে যাত্রীরা টিকিট বাতিল করেছেন। সোমবার ও বৃহস্পতিবারের ফ্লাইটে টিকিট কনফার্ম করার পরও বেশির ভাগই পরে বাতিল করে দেন। এদিকে যাত্রী না থাকার কারণে আগামী ২৩ ও ৩০ জানুয়ারির লন্ডন ফ্লাইট বাতিল করেছে বিমান।

সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (কোভিড-১৯ ও মিডিয়া সেল) শামমা লাবিবা অর্ণব বলেন, নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনার পর যুক্তরাজ্য প্রবাসীদের অনেকেই দেশে ফিরতে আগ্রহ হারিয়ে ফেলেছেন।