মনিরামপুরে চা দোকানিকে হত্যা

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ২২:৪১

যশোরের মণিরামপুর উপজেলার খালিয়া গ্রামে এক চা-দোকানিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জালাল বিশ্বাস (৫৫) ঐ গ্রামের আজিবর বিশ্বাসের ছেলে। বৃহস্পতিবার ভোরে তাকে হত্যার পর লাশ ধানখেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সকাল ৯টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। জালাল বিশ্বাসের স্থানীয় খালিয়া মোড়ে চায়ের দোকান রয়েছে। প্রায় ২০ বছর ধরে তিনি ঐ মোড়ে চা বিক্রি করেন।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে জালাল বিশ্বাস বাড়ি থেকে দোকানের উদ্দেশে বের হন। বাড়ির কাছেই অজ্ঞাত দুর্বৃত্তরা তার মাথায় আঘাত করে হত্যা করে। এরপর রাস্তার ধারে ধানখেতে লাশ ফেলে রেখে যায়। সকালে স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

জালাল বিশ্বাসের স্ত্রী শাহিদা বেগম বলেন, তার স্বামী ফজরের আজানের আগেই দোকানের উদ্দেশে বের হন। তবে করো সঙ্গে তার শত্রুতা ছিল কি না, তা জানাতে পারেননি শাহিদা বেগম। তবে স্থানীয় সূত্র জানিয়েছে, জমি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, চা দোকানি জালাল বিশ্বাসের মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে হত্যা কারণ এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।