নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, আধুনিক যুগে এমন অপ্রত্যাশিত হামলা আমরা দেখিনি। নিজের বাড়ি ডেলাওয়ারের উইলমিংটন থেকে লাইভে বাইডেন এসব কথা বলেন। তিনি কংগ্রেসে যৌথ অধিবেশন চলাকালে বিক্ষোভকে ‘বিদ্রোহ’ বলে উল্লেখ করেন। খবর বিবিসি ও আলজাজিরার
বাইডেন বলেন, ‘এখনই এর অবসান হওয়া উচিত। আমাদের গণতন্ত্র এক নজিরবিহীন আক্রমণের মুখে’। বাইডেন বিক্ষোভকারীদের চরমপন্থি আখ্যায়িত করে বলেন, তাদের হামলা দেশের স্বাধীনতা, জনগণের প্রতিনিধি এবং আইনের শাসনের ওপর আক্রমণ। তিনি বলেন, ক্যাপিটল হিলে যা ঘটেছে তা আমেরিকার প্রকৃত চিত্র নয়। অল্প কিছু চরমপন্থি আইনের শাসনের অবনতি ঘটিয়েছে। এটা মতবিরোধিতার জন্য নয়, এটা বিশৃঙ্খলা এবং রাষ্ট্রদ্রোহের সমতুল্য। ক্যাপিটলের দরজা, জানালা ভাঙচুর, সিনেটের ফ্লোর দখল এবং কর্মকর্তাদের চেয়ার দখলের ঘটনার কড়া নিন্দা জানান বাইডেন।
