মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স যিনি বুধবার যৌথ অধিবেশনের সভাপতি ছিলেন তিনি শুরুতেই জো বাইডেনের জয় বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করেন। তার নেতৃত্বেই জো বাইডেনের জয়কে যৌথ অধিবেশনে অনুমোদন দেওয়া হয়। খবর বিবিসির
সহিংসতার পরও শুরু হওয়া সিনেট অধিবেশনে পেন্স বলেন, যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে আজকের দিনটি একটি কালো দিন হিসেবে উল্লেখ থাকবে। এর আগে ভাইস প্রেসিডেন্টের মুখপাত্র বলেছিলেন, হামলার সময়েও ক্যাপিটল হিল ছেড়ে যাননি পেন্স। সিনেটের সভাপতির দায়িত্ব পালন করা পেন্স সব সময়ই কংগ্রেসের নেতৃত্ব, পুলিশ এবং বিচার ও প্রতিরক্ষা বিভাগের সঙ্গে যোগাযোগ রেখেছেন যাতে ক্যাপিটলকে নিয়ন্ত্রণে নিয়ে কংগ্রেস আবার শুরু করা যায়।
ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, ‘যারা আজ ক্যাপিটলে বিপর্যয় সৃষ্টি করেছেন, আপনারা জয়ী হতে পারেননি। সহিংসতা কখনো বিজয়ী হয় না। স্বাধীনতা বিজয়ী হয় এবং এটা এখনো জনগণের হাউজ। আমরা যেহেতু আবার এই চেম্বার শুরু করছি, বিশ্ব আবার একবার দেখবে যে, অভূতপূর্ব সহিংসতা এবং ভাঙচুরের মধ্যেও আমাদের গণতন্ত্রের দৃঢ়তা এবং শক্তি কতটা মজবুত। যুক্তরাষ্ট্রের নির্বাচিত জনপ্রতিনিধিরা আবার একত্রিত হয়েছেন’।
