করোনা মহামারির মধ্যে উম্মুক্ত হলো সিঙ্গাপুরের শ্রমবাজার

আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ০০:৫৩

সিঙ্গাপুর করোনা মহামারির মধ্যে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করেছে। সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার জানানো হয়েছে যে, হাইকমিশনের ঐকান্তিক প্রচেষ্টায় সিঙ্গাপুর সরকার বাংলাদেশের জন্য শ্রমবাজার উন্মুক্ত করেছে। গত ৩ ডিসেম্বর সিঙ্গাপুরে নিযুক্ত হাইকমিশনার মো. তৌহিদুল ইসলামের সঙ্গে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর দপ্তর ও জনশক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী তান সি ল্যাং-এর শ্রমবাজার বিষয়ক ফলপ্রসূ বৈঠকের পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুর সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

গত ২০ ডিসেম্বর থেকে বাংলাদেশ হাইকমিশন বাংলাদেশি অভিবাসী কর্মীদের জন্য আইপিএ/ডিমান্ড লেটার সত্যায়ন শুরু করেছে এবং এখন পর্যন্ত প্রতিদিন দুই শতাধিক আইপিএ সত্যায়ন করা হচ্ছে। যা কোভিড-১৯ পূর্ববর্তী সময়ের সমপর্যায়ে পৌঁছেছে। এটি বাংলাদেশের শ্রম বাজারের জন্য বিশেষ তাত্পর্যপূর্ণ। বিভিন্ন দেশে সংকোচনশীল শ্রমবাজারের পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুরে বাংলাদেশের এ সুযোগের পরিপূর্ণ ব্যবহারের জন্য হাইকমিশনার ইতিমধ্যে কাউন্সেলর (শ্রম) আতাউর রহমান এবং কাউন্সেলর তৌফিক-উর রহমানের নের্তৃত্বে চার সদস্যের দুটি বিশেষ টিম গঠন করেছেন। যারা দৈনিক ভিত্তিতে ২০০-এর অধিক আইপিএ প্রক্রিয়াকরণের কাজ করেছেন। শ্রম বাজারের এ সুযোগ যাতে কোনোভাবে হাতছাড়া না হয় সে জন্য বাংলাদেশ হাইকমিশন দেশি-বিদেশি চক্র থেকে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সব মহলের অংশগ্রহণে নিয়মিত কাউন্সেলিং কার্যক্রম গ্রহণ করেছে। কোভিড-১৯ মহামারি চলাকালে আইপিএ সত্যায়ন ফি (জন প্রতি ১২ সিঙ্গাপুর ডলার) মওকুফ করার লক্ষ্যে ইতিমধ্যে যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রস্তাব প্রেরণ করা হয়েছে।