পান্থপথ কালভার্ট থেকে ১০৬ টন বর্জ্য অপসারণ

আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ০০:৫৫

পান্থপথ ও রাসেল স্কয়ারের ড্রেনেজ পিট থেকে এক্সাভেটর, ডোজার ও গ্রেভার ব্যবহারের মাধ্যমে পঞ্চম দিন ১০৬ টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিট করপোরেশন (ডিএসসিসি)। গতকাল বৃহস্পতিবার ডিএসসিসি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া সেগুনবাগিচা বক্স কালভার্টের গোপীবাগ আউটলেটে ম্যানুয়ালি বর্জ্য উত্তোলন কার্যক্রমও চলমান রয়েছে। অন্যদিকে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে জিরানী খালের ত্রিমোহনী অংশে এক্সাভেটর ব্যবহারের মাধ্যমে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়ে একটানা সন্ধ্যা পর্যন্ত চলে। একই সঙ্গে রাজধানীর জিরানি, মান্ডা ও কালুনগর খাল থেকে ম্যানুয়ালি বর্জ্য উত্তোলন কার্যক্রম চলছে। চলমান বর্জ্য অপসারণ কার্যক্রম প্রসঙ্গে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. বদরুল আমিন বলেন, জিরানি খাল থেকে বর্জ্য অপসারণ এবং চ্যানেল পরিষ্কারের লক্ষ্যে বৃহস্পতিবার সকাল থেকে আমরা যান্ত্রিক ব্যবস্থাপনায় বর্জ্য উত্তোলন কার্যক্রম শুরু করেছি। পাশাপাশি সীমানা নির্ধারণ কার্যক্রমও চলমান রয়েছে। খালের সীমানায় ইতিমধ্যে সীমিত আকারে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে আমরা খালের মধ্যে থাকা সব স্থায়ী-অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করব।

তিনি আরও বলেন, আমরা মান্ডা খাল ও শ্যামপুর খালেও বর্জ্য উত্তোলন কার্যক্রম পরিচালনা করছি। জিরানি খাল, শ্যামপুর খাল, বাসাবো কদমতলা খাল ও সেগুনবাগিচা বক্স কালভার্টের বর্জ্য অপসারণের মাধ্যমে মান্ডা খালের সঙ্গে এসব খাল ও বক্স কালভার্টের সংযোগ স্থাপন করার লক্ষ্যে কাজ করে চলেছি। এর মাধ্যমে জলাবদ্ধতাকে অনেকটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা যাবে।