বিনোদন রিপোর্ট
ছোটপর্দার জনপ্রিয় মুখ নাদিয়া আহমেদ ও বর্তমান সময়ের আলোচিত অভিনেতা রাশেদ সীমান্ত আবারো জুটি হয়ে আসছেন দর্শকদের সামনে। ‘ভাইরাল ভিডিও’ শিরোনামের একটি ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছেন তারা। নাটকটি আজ থেকে বৈশাখী টিভিতে প্রচার শুরু হবে। টিপু আলম মিলনের গল্পে ৭ পর্বের এই ধারাবাহিক নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন। জানা গেছে, সমাজের শ্রেণি ভেদাভেদ আর অবহেলাকে ঘিরে নাটকের কাহিনি গড়ে উঠেছে। ভাইরাল একটি ভিডিওকে কেন্দ্র করে নাটকটি নির্মিত হলেও এর নেপথ্যে রয়েছে অনেক কাহিনি। ঢাকায় চাকরির খোঁজে আসা এক যুবক নানাভাবে ফ্লাট মালিকদের হেনস্থার শিকার হয়। আর সেই ফ্লাট মালিকদের একটি ভিডিও তার হাতে এলে শুরু হয় নানা নাটকীয়তা। ধারাবাহিকটিতে নাদিয়া-সীমান্ত ছাড়া আরো অভিনয় করেছেন কচি খন্দকার, আমিরুল হক চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু, রোমানা স্বর্ণা, আমিন আজাদ প্রমুখ। বৈশাখী টিভিতে আজ থেকে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচার হবে নাটকটি।
