শব্দদূষণ এলাকায় ফুটবল একাডেমি

আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ২১:৫৩

স্পোর্টস রিপোর্টার

অনেক ঘুরেফিরে শেষ পর্যন্ত কমলাপুর স্টেডিয়ামে ফুটবল একাডেমি গড়ার উদ্যোগ নিয়েছে বাফুফে। ভিআইপি গ্যালারির ওপরের তলায় আবাসন ব্যবস্থা রয়েছে। সেখানে একাডেমির ফুটবলাররা থাকবেন এমন পরিকল্পনা করা হয়েছে বলে ৩১ ডিসেম্বর সংবাদ সম্মলনে জানায় বাফুফে।

কমলাপুর স্টেডিয়ামে এখন সংস্কার কাজ চলছে। কমলাপুর স্টেডিয়াম নির্মাণের পর খুব একটা কাজ করা হয়নি। অনেক দিন সংস্কার না করার কারণে সেখানে আবাসন ব্যবস্থার মান ভালো না। কোনো ভাবেই থাকার মতো পরিবেশ নেই। বাফুফে এই ভবনেই ফুটবল একাডেমি করার কথা ঘোষণা করেছে। ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে বসছে বাফুফে। কমলাপুর স্টেডিয়ামে সুবিধা হলো মাঠেই একাডেমি। টার্ফ স্থাপন করা আছে। খেলোয়াড়দের বাইরে আসা যাওয়া করতে হবে না। কমলাপুর স্টেডিয়ামে এর আগে ফেডারেশন কাপ ফুটবল আন্তর্জাতিক নারী ফুটবল টুর্নামেন্টসহ ফুটবলের অনেক খেলাই হয়েছে এখানে। বিভিন্ন ক্লাব অনুশীলন করেছে। কোচিং কোর্স হয়েছে। মাঠ সারা বছর ব্যস্ত থাকে। সংস্কার কাজ চলাকালীন নারী ফুটবল লিগ শেষ করা হয়েছে।

 কমলাপুর স্টেডিয়ামের আবাসন ভবনটি অনেক ক্লাব ক্যাম্প হিসেবে ব্যবহার করেছে, প্রিমিয়ার লিগে ক্লাবও আবাসন গড়ে তুলেছিল। ঢাকার বাইরের ক্লাবগুলো ঢাকায় খেলতে এসে এখানেই অবস্থান করত। যখন যারাই এখানে থেকেছে তাদের সবার মুখে একটা অভিযোগ, ঘুমানো যায় না। খেলোয়াড়রা অনুশীলন করে বিশ্রামে থাকবেন কিন্তু সেখানে রাস্তার ওপারে ট্র্যাকস্ট্যান্ড, কনটেইনার ডিপো। সারারাত মালামাল ওঠানামা করে। গাড়ির উচ্চ শব্দের হর্নে রাতে বার বার ঘুম ভেঙে যায়। খেলোয়াড়রা ঘুমাতে পারেন না। এমন অভিযোগ খেলোয়াড় কর্মকর্তাদের কণ্ঠে বহুবার শোনা গেছে। শব্দদূষণের সেই একই স্থানে হবে ফুটবল একাডেমি।