মেসির বাঁ পা চান হ্যাজার্ড

আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ২১:৫৩

লিওনেল মেসির বাঁ পায়ের প্রতি দুর্বলতা ব্যক্ত করে ইডেন হ্যাজার্ড বলেছেন, জন্মদিনের উপহার হিসেবে কোনো খেলোয়াড়ি সক্ষমতা চাইতে হলে প্রথমে ‘মেসির বাঁ পা’টিই পেতে চাইবেন তিনি। গত বৃহস্পতিবার নিজের ৩০তম জন্মদিন পালনকালে বেলজিয়ান টিভি আরটিবিএফকে দেওয়া এক ব্যক্তিগত সাক্ষাত্কারে এই কথা বলেন তিনি। মেসির বাঁ পায়ের পাশাপাশি ক্রিশ্চিয়ানো রোনালদোর জয়ের প্রতি তৃৃষ্ণা এবং জিনেদিন জিদানের ‘ক্লাস’-ও চেয়েছেন তিনি। গত মৌসুমের শুরুতে প্রাথমিক ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে চেলসি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন এই বেলজিয়ান উইঙ্গার। কিন্তু মাদ্রিদে আসার পর ইনজুরির জন্য কখনোই ঠিক ছন্দে ফেরা হয়নি তার। দেড় মৌসুমে সবে খেলেছেন ৩০ ম্যাচ, করেছেন মাত্র ৩টি গোল। জন্মদিনে তাই ক্লাবের জার্সিতে স্বরূপে ফেরার আশাও ব্যক্ত করেছেন এই বেলজিয়ান।