আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনকে ঘিরে ছাতকে জমে উঠেছে প্রচার-প্রচারণা। শীত উপেক্ষা করে পথসভা, গণসংযোগ, মিছিল, মাইকিং, উঠান বৈঠক করে যাচ্ছেন মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলর প্রার্থীরা। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর।
ছাতক (সুনামগঞ্জ) : প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর থেকে শুরু হয়েছে ব্যাপক প্রচার-প্রচারণা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে ছাতক পৌর শহরসহ আশপাশ এলাকা। মেয়র পদে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে আবুল কালাম চৌধুরী ও বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে রাশিদা আহমদ ন্যান্সি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভায় মেয়র পদে কোনো বিদ্রোহী প্রার্থী নেই। ছাতক পৌরসভায় মেয়র পদে এবারই প্রথম একজন নারী প্রার্থী অংশ নিয়েছেন। ছাতক পৌরসভায় প্রধান দুই দলের দুই মেয়র প্রার্থী ছাড়াও ৯ ওয়ার্ডে ৩৩ সাধারণ কাউন্সিলর ও ১৪ জন সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর ভোটযুদ্ধে অংশ নিয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফয়েজুর রহমান জানান, ছাতক পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন ৩০ হাজার ২৭৮ জন।
সৈয়দপুরে প্রার্থীদের সঙ্গে
প্রশাসনের মতবিনিময়
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা জানান, নির্বাচন উপলক্ষ্যে প্রতিদ্বন্দ্ব্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে প্রশাসন। বৃহস্পতিবার সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ঐ সভা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর লায়ন্স স্কুল ও কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত ঐ মতবিনিময়ে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ মনোনীত সৈয়দপুর পৌরসভার মেয়র প্রার্থী রাফিকা আকতার জাহান (প্রতীক নৌকা), জাতীয় পার্টি (এ) মনোনীত প্রার্থী মো. সিদ্দিকুল আলম সিদ্দিক (লাঙ্গল), ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী হাফেজ মো. নুরুল হুদা (হাতপাখা) এবং স্বতন্ত্র প্রার্থী রবিউল আউয়াল রবি (মোবাইল ফোন)। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. রবিউল আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাসহ পৌরসভা নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী সাধারণ কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।
কুলিয়ারচরে মাঠে ৫৫ প্রার্থী
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, প্রতীক পেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন ৫৫ জন প্রার্থী। পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ হাসান সারওয়ার মহসিন (প্রতীক নৌকা)। এছাড়া মেয়র পদে লড়ছেন বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র নূরুল মিল্লাত (ধানের শীষ)। এছাড়া সাধারণ আসনের ৯টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনে ১২ জন এবং সাধারণ কাউন্সিলর ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
