আদমদীঘিতে অনুমোদন ছাড়াই ফসলি জমিতে পুকুর খননের দায়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তিন জনকে জেল-জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন ঐদিন উপজেলার বেশ কয়েকটি মাঠে অভিযান চালিয়ে দুই জনকে কারাদণ্ড ও একজনকে জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন জানান, ভূমি সংরক্ষণ আইন উপেক্ষা করে এক শ্রেণির অর্থলোভী জমির মালিক মাঠের ফসলি জমিতে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে পুকুর খননের কাজ করে আসছিল। এ সংক্রান্ত অভিযোগে উপজেলার কাশিমালা গ্রামের ফসলি জমির মাঠে অভিযান চালিয়ে কাশিমালা গ্রামের আব্দুল হান্নানকে ৫০ হাজার টাকা জরিমানা এবং হারুনুর রশিদকে সাত দিন ও এস্কেভেটর চালক আব্দুল হাইকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় চারটি এস্কেভেটর মেশিন জব্দ করা হয়।
