চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পরপরই মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের অনেকেই গতকাল থেকে প্রচার শুরু করেছেন। নগরীর ৪১টি ওয়ার্ডের বহু এলাকা মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সাদা-কালো পোস্টারে ছেয়ে গেছে। স্মার্ট সিটি উপহার দেওয়ার অঙ্গীকার করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে চট্টগ্রাম এখন উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। চট্টগ্রামের উন্নয়নের এ অগ্রযাত্রাকে অধিকতর মসৃণ ও গতিশীল করতে আমি আমার দলীয় প্রতীক নৌকায় আপনাদের ভোট প্রার্থনা করছি। গতকাল শুক্রবার নগরীর বহদ্দারহাট বহদ্দারবাড়ি জামে মসজিদে জুমার নামাজ আদায় ও পারিবারিক কবরস্থানে পিতা-মাতা ও আত্মীয়স্বজনদের কবর জেয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরুর আগে এসব কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সদস্য সামশুল আলম, মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ফরিদ মাহমুদসহ নেতাকর্মীরা।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রশাসন ও ইসিকে নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন নগর বিএনপির আহ্বায়ক ও সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। গতকাল শুক্রবার হজরত আমানত শাহ (রা.) মাজার জিয়ারতের মাধ্যমে সিটি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
ডা. শাহাদাত হোসেন গতকাল জেল রোড মাজার গেট থেকে প্রচারণা শুরু করে বান্ডেল রোড, বংশাল রোড, ফিরিঙ্গিবাজার মোড়, কোতোয়ালি মোড়, লালদিঘিরপাড়, বক্সিরহাট হয়ে আন্দরকিল্লার মোড়ে পথসভার মাধ্যমে জনসংযোগ কার্যক্রম শেষ করেন। প্রচারণায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ।
আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে এবার মোট প্রার্থীর সংখ্যা সাত মেয়র প্রার্থীসহ ২৩৭ জন। গত বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এই দিন ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. হারুনুর রশিদ মনোনয়ন প্রত্যাহার করেন।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় সূত্র জানায়, পুনঃতপশিল অনুযায়ী একটি সংরক্ষিত ওয়ার্ড এবং তিনটি সাধারণ ওয়ার্ডে মোট আট জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। বৃহস্পতিবার একজন প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করলে নতুন করে ছয় জন প্রার্থী চূড়ান্ত হয়। নতুন চূড়ান্ত হওয়া প্রার্থীরা হলেন, সংরক্ষিত ৬ নম্বর আসনের মোছাম্মদ ফারজানা পারভীন, ৩৭ নম্বর সাধারণ ওয়ার্ডে শফিউল আলম, আবদুল মান্নান, মো. সালাউদ্দিন, মেসবাহ উদ্দিন আহমেদ এবং ৪০ নম্বর ওয়ার্ডে নাসির আহমেদ। ৩০ নম্বর ওয়ার্ডে মনোনয়ন সংগ্রহ করেননি কোনো প্রার্থী।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং অফিসার মো. হাসানুজ্জামান জানান, গতকাল সকালে প্রতীক বরাদ্দ দেওয়ার পর প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন।
