আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশে দেওয়া ভাষণ গত ১২ বছরের ঈর্ষণীয় উন্নয়ন ও অর্জনের বস্তুনিষ্ঠ দলিল। জনগণের প্রাত্যহিক জীবন থেকে ওঠে আসা বাস্তব চিত্রের প্রতিফলন ঘটেছে এ ভাষণে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের ওপর বিএনপি নেতাদের অসত্য বক্তব্যের জবাবে গতকাল শুক্রবার বিকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংকালে এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সময়োপযোগী ও দিক-নির্দেশনামূলক ভাষণ ছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, গত এক যুগে আর্থ-সামাজিকসহ অন্যান্য খাতে দেশের অভাবনীয় উন্নয়ন, অগ্রগতি ও মানুষের জীবনমানের ক্ষেত্রে যে দৃশ্যমান অগ্রগতি হয়েছে তার সংক্ষিপ্ত চিত্র ফুটে উঠেছে ভাষণে। তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের রুপরেখাও প্রস্ফুটিত হয়েছে।
২০০৮ সালে মাথাপিছু আয় যেখানে ছিল মাত্র ৬২৫ ডলার আর এখন মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৬৪ মার্কিন ডলার উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দারিদ্র্যের হার এখন ৪১ দশমিক ৫ থেকে ২০ শতাংশে এবং অতি দারিদ্র্যের হার ২২ শতাংশ থেকে ১১ শতাংশে হ্রাস পেয়েছে। বিএনপি আমলে বিদ্যুতের উত্পাদন ছিল মাত্র ৩ হাজার ৩০০ মেগাওয়াট জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সরকার গঠনের পর ২০০৯ থেকে ২০২০ পর্যন্ত প্রায় ১৯ হাজার মেগাওয়াট বিদ্যুত্ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বর্তমানে দৈনিক বিদ্যুত্ উত্পাদনের সক্ষমতা দাঁড়িয়েছে ২৪ হাজার ৪২১ মেগাওয়াট।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়ে মিথ্যাচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে সরকারের উন্নয়নের সুফল থেকে বঞ্চিত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
