দেশে করোনা ভাইরাসে এক দিনে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে, যা গত আট সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। সবশেষ গত ১৪ নভেম্বর এর চেয়ে কম মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর; সেদিন ১৪ জনের মৃত্যু হয়েছিল। গতকাল শুক্রবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মারা যাওয়া ১৬ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট ৭ হাজার ৭৩৪ জনের মৃত্যু হলো। শনাক্তের হার গত ২৪ ঘণ্টায় ৬ শতাংশের নিচে নেমেছে।
২৪ ঘণ্টায় আরো ৭৮৫ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ২০ হাজার ৬৯০ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ৮৩৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৬৫ হাজার ২৭৯ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৪টি আরটি-পিসিআর ল্যাব, ২৭টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৪০টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাত্ সর্বমোট ১৮১টি ল্যাবে ১৩ হাজার ৬৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩৩ লাখ ৩১ হাজার ৪৯১টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ৭৪ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৫ দশমিক ৬৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ১৩ জন পুরুষ আর নারী তিন জন। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন। তাদের মধ্যে ১৪ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি এবং এক জন করে মোট দুই জনের বয়স ৪১ থেকে ৫০ ও ১১ থেকে ২০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে ১২ জন ঢাকা বিভাগের, দুই জন চট্টগ্রাম বিভাগের এবং এক জন করে মোট দুই জন খুলনা ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।
