ই-কমার্স জায়ান্ট আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় উঠে এসেছেন টেসলা ও স্পেসএক্সের কর্ণধার এলন মাস্ক। তার সম্পদের পরিমাণ ১৮ হাজার ৫০০ কোটি ডলার (১৫ লাখ ৭২ হাজার ৫০০ কোটি টাকা)। বিবিসির সংবাদে বলা হয়েছে, পুঁজিবাজারে টেসলার এবং স্পেসএক্সের শেয়ারের দাম বৃদ্ধি পাওয়ায় মাস্কের সম্পদের পরিমাণও বেড়ে যায়।
২০১৭ সাল থেকে শীর্ষ ধনীর তালিকায় প্রথম স্থান দখল করে ছিলেন জেফ বেজোস। তার সম্পদের পরিমাণ ১৮ হাজার ৪০০ কোটি ডলার (১৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা)। দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভূত এলন মাস্কের এই উত্থান অনেকটাই নাটকীয়। গত বছরের শুরুতেও তার সম্পদের পরিমাণ ছিল ২ হাজার ৭০০ কোটি ডলার। শীর্ষ ৫০ ধনীর তালিকায় ছিলেন তিনি। তবে মাত্র ১২ মাসে সেই সম্পদের পরিমাণ বেড়েছে প্রায় ১৬ হাজার কোটি ডলার। টেসলার বৈদ্যুতিক গাড়ির চাহিদা বৃদ্ধির কারণে প্রতিষ্ঠানটির শেয়ার দর বাড়ে তরতর করে। এক বছরে টেসলার শেয়ারের দাম বেড়েছে ৯ গুণ। গত বছরের জুলাইয়ে ওয়ারেন বাফেটকে হটিয়ে বিশ্বের সপ্তম শীর্ষ ধনীর তালিকায় উঠে আসেন মাস্ক। এর পর তিনি বিল গেটসকে ছাড়িয়ে ধনীর তালিকায় দ্বিতীয় অবস্থানে চলে আসেন।
এলন মাস্ক মহাকাশের রকেট নির্মাণ প্রতিষ্ঠান স্পেসএক্সের সিইও, বৈদ্যুতিক গাড়ির প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলা মোটরসের সিইও। এছাড়া সোলারসিটির চেয়ারম্যান, দি বোরিং কোম্পানির প্রতিষ্ঠাতা। পে-পালের একজন সহ-প্রতিষ্ঠাতা।
১৯৭১ সালে জন্ম নেওয়া এলন মাস্ক মাত্র ১২ বছর বয়সে কম্পিউটার গেম তৈরি করেন। ১৯৯৯ সালে মাত্র ১ কোটি ডলার দিয়ে শুরু করেন এক্স ডটকম, যেটি অনলাইন ব্যাংকিং সিস্টেম। এরপর সেটি অন্য কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে তৈরি হয় অনলাইনে অর্থ লেনদেনকারী বিখ্যাত প্রতিষ্ঠান পে-পাল। পরবর্তী সময়ে পে-পাল বিক্রি থেকে পাওয়া অর্থ বিনিয়োগে ২০০২ সালেই মহাকাশ যান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স নিয়ে যাত্রা করেন তিনি। ২০০৪ সালে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা মোটরস নিয়ে কাজ শুরু করেন তিনি। কিন্তু ২০০৮ সালে অর্থনৈতিক মন্দায় টেসলা প্রায় দেউলিয়া হয়ে যাওয়ার উপক্রম হয়। কিন্তু পরবর্তী সময়ে ঘুড়ে দাঁড়ায় প্রতিষ্ঠানটি। সারা বিশ্বেরই চাহিদা বাড়তে শুরু করে বৈদ্যুতিক গাড়ির। এলন মাস্ক ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বরাবরই কিছুটা ব্যতিক্রম। টেসলার শেয়ার বিষয়ে তার টুইট বার্তা নিয়ে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ২০১৮ সালে মামলাও করে।
