সবজিতে স্বস্তি মিললেও অস্বস্তি ভোজ্য তেলে

আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ২২:৩৫

রাজধানীর পাইকারি ও খুচরা বাজারগুলোর মধ্যে অন্যতম বড় বাজার কাওরান বাজার। যেখানে প্রতিদিন রাত নামতেই দেশের নানা প্রান্ত থেকে আসতে শুরু করে ট্রাকভর্তি বিভিন্ন ধরনের সবজি। সকাল হতেই এসব সবজির বেচাকেনাও শেষ। তবে এখন শীতের সবজির ভরা মৌসুম হওয়ায় চিত্রটা একটু আলাদা। সরবরাহ এত বেশি যে, কাওরান বাজারের শুধু খুচরা অংশে নয়, বাজারের ভেতরের রাস্তার ওপরও অবিক্রীত সবজি সারা দিন বিক্রি হয়। আর চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ায় দামেও সস্তা। মাত্র কিছুদিন আগেও যেখানে এক কেজি সবজির দাম ছিল ৭০ থেকে ১০০ টাকা পর্যন্ত। এখন সেখানে ১০০ টাকায় মিলছে চার থেকে পাঁচ কেজি সবজি। তবে ভোক্তাদের এই স্বস্তি হারিয়ে যাচ্ছে ভোজ্য তেলে। গত এক মাসেরও বেশি সময় ধরে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম ঊর্ধ্বমুখী। গত শুক্রবার আরেক দফা বেড়েছে পণ্যটির দাম।      

গতকাল রাজধানীর কাওরান বাজার, নিউমার্কেট ও মহাখালী কাঁচাবাজারে সরেজমিন খোঁজ নিয়ে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দামের এ তথ্য পাওয়া যায়। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশও (টিসিবি) তাদের দৈনন্দিন বাজারদরের প্রতিবেদনে ভোজ্য তেলের দাম বাড়ার বিষয়টি জানিয়েছে।

ব্যবসায়ীরা বলেছেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে দেশের বাজারেও। তারা বলেন, বিশ্বে ভোজ্য তেলের বড় উত্পাদনকারী দেশ ব্রাজিল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও আর্জেন্টিনা রপ্তানি কমিয়েছে। এছাড়া করোনা সংকটের কারণে চীন আগের তুলনায় বেশি পরিমাণ ভোজ্য তেল কিনছে। এসব কারণেই ভোজ্য তেলের দাম বেড়েছে।

গতকাল বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১০৮ থেকে ১১০ টাকা ও কোম্পানিভেদে বোতলজাত সয়াবিন ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হয়। যা এক দিন আগের তুলনায় খোলা সয়াবিনে দুই টাকা ও বোতলজাত সয়াবিনে পাঁচ টাকা বেশি। এছাড়া এক মাসের ব্যবধানে পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলেও কোম্পানিভেদে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। গতকাল বাজারে পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন ৫৫০ থেকে ৫৯০ টাকা, প্রতি লিটার পামসুপার ১০০ থেকে ১০২ টাকা, পামঅয়েল ৯৫ থেকে ৯৭ টাকায় বিক্রি হয়। টিসিবির হিসেবে গত এক মাসে প্রতি লিটার খোলা সয়াবিন তেলে ৬ দশমিক ৩৪ শতাংশ ও বোতলজাত সয়াবিনে ৮ দশমিক ৭০ শতাংশ বেড়েছে।