মদ খেয়ে জুয়া খেলার অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দুই জন এএসআই ও চার জন কনস্টেবলসহ মোট ছয় জনকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। আরএমপির কমিশনার মো. আবু কালাম সিদ্দিক স্বাক্ষরিত এক অফিস আদেশে গতকাল শুক্রবার তাদের সাসপেন্ড করা হয়। আদেশে বলা হয়, তাদের এমন কার্যকলাপ বিভাগীয় নিয়ম-শৃঙ্খলার পরিপন্থি ও অসদাচরণের শামিল। তারা সবাই পুলিশ লাইনসে সংযুক্ত থাকবেন এবং বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
বরখাস্তকৃতরা হলেন, এএসআই (সশস্ত্র) মো. আব্দুল বারেক, এএসআই মো. মিজানুর রহমান, নায়েক মো. আফজাল সরকার, কনস্টেবল মো. ফরহাদ হোসেন, মো আব্দুস সালাম ও মো. সাহেদ আলী।
পুলিশ সূত্র জানায়, গত বুধবার দিবাগত রাত প্রায় দেড়টার দিকে সোর্সের মাধ্যমে খবর পেয়ে আরএমপির বোয়ালিয়া মডেল থানার একদল পুলিশ নগরীর বিয়ের আমন্ত্রণ কমিউনিটি সেন্টারের দোতলার ২০১ নম্বর কক্ষে অভিযান চালায়। এসময় সেখানে মাদক গ্রহণ করে টাকা দিয়ে জুয়া (তাস) খেলারত অবস্থায় ঐ পুলিশ সদস্যদের আটক করা হয়।
